ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় এক নারীকে লক্ষ্য করে অশ্লীল আচরণ ও যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।

গ্রেপ্তার চালকের নাম মো. রুবেল খান (৩০) প্রকাশ ‘হাত কাটা রুবেল’। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার মো. খোকনের ছেলে। বর্তমানে তিনি ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সকাল আনুমানিক ৯টা ৪১ মিনিটে মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে। এক অজ্ঞাতনামা ব্যাটারিচালিত অটোরিকশা চালক পথচারী এক নারীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় ডাক দেয়। প্রতিবাদ করলে সে আরও অশালীন মন্তব্য করতে থাকে।

একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তার লুঙ্গি তুলে যৌনাঙ্গ প্রদর্শন করে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ওই নারীকে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় ২২ এপ্রিল ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়।

পরে পুলিশ ভুক্তভোগীর ধারণকৃত ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনা অবগত হয়ে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।