দখল, দূষণ ও নাব্যতা সংকটে মৃতপ্রায় মিরসরাইয়ের খালগুলো। উপজেলার কৃষি ও সেচের সাথে ওতোপ্রোতভাবে জড়িত খালগুলো বছরের পর বছর সংস্কার ও পুনঃখননের অভাবে প্রায় মৃত হয়ে পড়ে আছে। উপজেলার বামনসুন্দর খালও একটি গুরুত্বপূর্ণ খাল। পুনঃখননের উদ্যোগে আবারও আশা জাগাচ্ছে মৃতপ্রায় বামনসুন্দর খালটি। সরকার নতুন করে সংস্কারের উদ্যোগ নেয়ায় বিষয়টিকে ইতিবাচক ও সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় বামনসুন্দর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় পানির তীব্র স্রোত ছিল এ খালে। এ খালের পানি ব্যবহার হতো আশপাশের কৃষকদের জমি চাষে। অথচ বর্তমানে খালের বড় একটি অংশ জুড়ে ময়লা-আবর্জনা, অপচনশীল দ্রব্যাদি ও দখল হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক গতি হারিয়ে গেছে। এতে করে এলাকার চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়।

জানা গেছে, মিরসরাইয়ের উপকূলীয় এলাকা থেকে খালটির যাত্রা শুরু হয়ে সাহেরখালী ইউনিয়ন, মিঠানালা ইউনিয়ন, কাটাছরা ইউনিয়ন, মঘাদিয়া ইউনিয়ন হয়ে বিস্তৃত হয়েছে পাহাড়ের পাদদেশ পর্যন্ত। উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ও মিরসরাই সদর ইউনিয়নের পানি দুর্গাপুর খাল, মলিয়াইশ খাল হয়ে বামনসুন্দর খালে মিলিত হয়। বর্তমান সরকার সারাদেশের খাল গুলো আবারো পুনঃখননের উদ্যোগ নিয়েছে। প্রাথমিক অবস্থায় মিঠানালা ইউনিয়নের আলিরপোল এলাকা থেকে বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে।

২৪ কিলোমিটার দৈর্ঘ্যর খালটির সংস্কার কাজ শেষ হলে এর সরাসরি উপকারভোগী হবে সাধারণ কৃষক। কৃষিতে সেচ নিশ্চিত করা যাবে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে। পর্যাপ্ত সেচের পানির অভাবে দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছিলো খাল সংলগ্ন কৃষকদের।

কাটাছরা ইউনিয়নের কৃষক নুরুল আবছার বলেন, একসময় এ খালের পানি দিয়ে চাষাবাদ হতো। খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় অনেক বছর ধরে মানুষ শুষ্ক মৌসুমে চাষবাদ থেকে বঞ্চিত ছিল। এবার পুনঃখনন করা হলে এখানকার কৃষকেরা উপকৃত হবে।

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত খালা কাটা ও খনন কর্মসূচির অংশ হিসেবে বামনসুন্দর খাল খনন শুরু হবে। সোমবার খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ও মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন উপস্থিত থাকবেন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, বামনসুন্দর খালটি পুনঃখনন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল। অবশেষে খালের ৩ কিলোমিটারে পুনঃখনন শুরু হচ্ছে। সোমবার বেলা ১১টা নগাদ পুনঃখনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়। খালটি পুনঃখনন হলে কয়েকটি ইউনিয়নের প্রায় সহস্রাধিক কৃষক উপকৃত হবে।