কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বন্ধু ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের বোনের পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনার শোক জানিয়েছেন মাওলানা মামুনুল হক। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে সৌদি আরবের মদীনার মসজিদে নববী থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শোকবার্তা প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় মাওলানা মামুনুল হক লিখেছেন, ইন্নালিল্লাহ! পরপর দুর্ঘটনার সংবাদ আমাদের শোকাতুর করে চলেছে। মদীনা শরীফে মসজিদে নববীতে আছি। মাগরিব নামাজের অপেক্ষায়। আমার সহপাঠী, দীর্ঘ চল্লিশ বছরের বন্ধু, উস্তাদে মুহতারাম মাওলানা আবুল কালাম দামাত বারাকাতুহুমের সুযোগ্য সন্তান মাওলানা ফয়সালের কান্না ভেজা ফোন কল আমাকে বিমর্ষ করে দিল। হায় আল্লাহ! এ শোক সইবার শক্তি তুমি তাদের পুরো পরিবারকে দান কর। 

তিনি আরও লিখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ছোট বোন-ভগ্নিপতি, তিন ভাগনে-ভাগনিসহ পুরো পরিবার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তা'লা মরহুমদের দুর্ঘটনায় মৃত্যুতে শাহাদাতের মর্যাদা দান করুন। পরিবার ও আপনজনদের ধৈর্য ধারণের তাওফীক দান করুন। আমীন।

তিনি ফেসবুকে লিখেন, শোক সংবাদ শুনেই আমি কিছু তেলাওয়াত ও নেক আমল করে দোয়া করেছি। সংবাদটি অবগত হয়ে আপনারাও অনুরূপ করবেন, এই অনুরোধ করছি। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে স্টারলাইন বাস ওভারটেক করতে গিয়ে একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুজনকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক জামাল হোসেনকেও মৃত ঘোষণা করেন। নিহত অপর চারজন একই পরিবারের সদস্য। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা। তারা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের বোনের পরিবারের সদস্য।