দীর্ঘ ১৮ বছর পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি শেষে আদালত তাঁর বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেন। এর আগে গত ২৭ জানুয়ারি প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আগেই এ মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া কয়েকজন আসামির মৃত্যুর কারণেও তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মোয়াজ্জেম হোসেনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও আইনজীবী খন্দকার মারুফ হোসেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
রায়ের পর আইনজীবী এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, মামলার প্রধান আসামিরা আগেই অব্যাহতি পাওয়ায় সহায়তার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা চলতে পারে না। সে বিবেচনায় আদালত মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল আলম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৫৯ কোটি টাকার ক্ষতি করা হয়েছে। একই বছরের ৫ অক্টোবর দুদক ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে
