ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আমেজে ঘরমুখো মানুষের ভীড়ে মুখর হয়ে উঠেছে ফেনীর পথঘাট। ভোটাধিকার প্রয়োগের জন্য কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজ নিজ এলাকায় ফিরছেন সাধারণ মানুষ। এতে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে সৃষ্টি হয়েছে জনস্রোত।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ফেনীর মহিপাল, ট্রাংক রোড, রেলস্টেশন ও মহিপাল বাস স্ট্যান্ডে এলাকায় যাত্রীদের ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে আসা যাত্রীদের চাপ তুলনামূলকভাবে বেশি।অন্যদিকে ফেনী শহর থেকেও মানুষ গ্রামে গঞ্জে ফিরছেন ভোট দেওয়ার জন্য
ঘরমুখো ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তারা আগেভাগেই নিজ এলাকায় ফিরছেন। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের মতো উৎসবমুখর পরিবেশের অনুভূতির কথা জানান।
সরেজমিনে দেখা গেছে, যাত্রীচাপ বাড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে অতিরিক্ত যাত্রীচাপের কারণে কিছু কিছু পরিবহনে ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তৎপর থাকতে দেখা গেছে।
রংপুরগামী যাত্রী আকবর হোসেন বলেন, দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরেছে। বাড়িতে সবাই মিলে ভোট দিতে যাচ্ছি,ঈদের আনন্দ কাজ করছে। তবে ৮০০ টাকার টিকিট ১২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এরপরও ভোট দেওয়ার আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছি। প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন, যেন বাড়তি ভাড়া আদায় না হয়।
রিয়াজ উদ্দিন নামে আরেক যাত্রী বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তারপরও অনেকদিন পর ভোটের আমেজ এসেছে, বঞ্চিত হতে চাই না। তাই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি।
কামরুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। শঙ্কা থাকলেও পরিবারের সবার সঙ্গে দেখা হবে এবং এলাকায় গিয়ে ভোট দেব,এটা ভালো লাগছে। নির্বাচনের জন্য সাধারণ ছুটি ঘোষণা হওয়ায় আমিও বাড়ি ফিরছি।
মহিপাল বাস কাউন্টারে কর্মরত একজন জানান, অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভীড় অনেক বেশি। দীর্ঘদিন পর নির্বাচন আসায় বাস চলাচল বাড়লেও মানুষের উপচে পড়া ভীড়ের কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। দূরপাল্লার বাস দেরিতে পৌঁছানোয় কাউন্টারে যাত্রীদের ভীড় আরও বাড়ছে।
