ফেনীতে গুনগত স্বাস্থ্যসেবা নিশ্চিতে শহরের ডাক্তারপাড়ায় হায়দার ক্লিনিক, শহিদ শহিদুল্লা কায়সার সড়কের ওয়ান স্টপ হাসপাতালকে সতর্ক করেছে স্বাস্থ্যবিভাগ। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) নিয়মিত মনিটরিং ও সুপারভিশনের অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের পরিদর্শন টিম এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনে প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম পাওয়ায় তা সংশোধনের জন্য সতর্ক করা হয়েছে। নির্দেশ না মানলে লাইসেন্স বাতিল করা হবে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।
পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, ডা. আমির খসরু ও সিভিল সার্জন কার্যালয়ের এমটি ল্যাব মাইনউদ্দিন।
পরিদর্শনে উক্ত পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন এর গাইডলাইন অনুসারে প্রতিষ্ঠানগুলোর যাবতীয় ডকুমেন্টস প্রভৃতিসহ সামগ্রিক ভাবে ল্যাবের যন্ত্রপাতির মান ও কার্যকারিতা ও ল্যাবে সার্বিকভাবে জীবাণুমুক্ত পরিবেশ সরেজমিনে যাচাই করা হয়।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, ফেনীতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।
