ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান শেষে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আজ শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারাদেশের পাশাপাশি ফেনীজুড়েও বিরাজ করছে উৎসবের আমেজ।
জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে শহরের ঐতিহ্যবাহী মিজান ময়দানে। এ উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পৌরসভা। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য মাঠজুড়ে বসানো হয়েছে সুসজ্জিত তাঁবু, পর্যাপ্ত পানি ও অজুর ব্যবস্থা, ও নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।
জানা গেছে, সকাল ৮টায় মিজান ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী মোতায়েন থাকবে। যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এদিকে ঈদকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়ক, মার্কেট ও বাসাবাড়িতে বইছে আনন্দের ছোঁয়া। নতুন পোশাক, আত্মীয়-স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সবাই।
ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনীবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
