ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় দৈনিকে ফেনীকে এ তথ্য নিশ্চিত করেন মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম। 

নিহতরা হলেন মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের এখন পর্যন্ত কারও নাম-পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে স্পিডব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস-অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন এবং প্রায় ১০ জন আহত হন।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে নিহতদের মধ্যে যাদের এখন পর্যন্ত নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তাদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করেছে। 

প্রসঙ্গত, ঈদুল ফিতরের একদিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় একটি সেতুর মেরামত কাজ চলছে। সড়ক বিভাগ থেকে জানানো হয়েছে, এই কাজ ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত এক লেনে যান চলাচল করবে।