ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ফেনী জেলা প্রশাসন।
রোববার (২২ মার্চ) বিকেল ৪টায় ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন ক্রান্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, এর মধ্যে ফেনীতে অবস্থানরত দুই পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অপরদিকে, একটি পরিবার নিহতের মরদেহ নিয়ে ঢাকায় চলে যাওয়ায় তাদের জন্য নির্ধারিত ২৫ হাজার টাকা ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে প্রদান করা হবে।
এ ঘটনায় নিহতরা হলেন-ঢাকার বাংলামোটর নিউ ইস্কাটন এলাকার মোক্তাদুর রহমানের ছেলে মো. মোর্শেদ (৪০), ফরিদপুরের বটতলা জাজিরা এলাকার মজিবুর মোড়লের ছেলে সোহাগ মোড়ল (২৬) ও দোয়েল পরিবহনের সুপারভাইজার মো. কাউছার (৩৫)।
এর আগে, শনিবার (২১ মার্চ) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ব্রিজের আগে স্থাপিত গতিরোধক পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর বাস ও অ্যাম্বুলেন্সের যাত্রী ও চালকরা গাড়ি থেকে নেমে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লে সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে মোটরসাইকেলসহ আরও কয়েকটি যানবাহন আটকা পড়ে। এর কিছুক্ষণ পর একই পথে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই জটলার মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দোয়েল পরিবহনের সুপারভাইজারসহ দুই বাসের দুই যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
