চলতি এপ্রিল মাসে ফেনীতে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের সভা শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারের গৃহীত বিশাল পরিকল্পনার অংশ হিসেবে এই মাসে ঝিনাইদহের শৈলকূপা এবং ফেনী জেলায় নতুন দুটি খালের খনন কাজ শুরু হতে যাচ্ছে, যা প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উদ্বোধন করবেন।
খাল খননের জন্য ইতোমধ্যে ফেনীতে প্রস্তুতি শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, খননের জন্য জেলা প্রশাসকসহ পানি উন্নয়ন বোর্ডের টিম খাল নির্বাচনের কাজ করেছে। কয়েকদিনের মধ্যে খননের জন্য দুটি খাল নির্বাচন করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু দৈনিক ফেনীকে বলেন, ফেনীতে খাল খনন কর্মসুচির উদ্বোধনে প্রধানমন্ত্রী ফেনীতে আসার কথা জানিয়েছেন। এটি দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির একটি অংশ। ফেনীতে প্রতিবছর বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে খাল খনন একটি গুরুত্বপূর্ণ কাজ। শুষ্ক মৌসুমে সেচের জন্যও খাল খনন খুবই জরুরী। সহসা উদ্বোধনের স্থান নির্ধারণ হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেনীতে প্রথম পর্যায়ে ৭টি খাল খননের অনুমোদন দেওয়া হয়েছে। এসব খালের মোট দৈর্ঘ্য প্রায় ৪৯ কিলোমিটার। তার মধ্যে সদর উপজেলায় ২টি, দাগনভূঞায় ২টি, ফুলগাজীতে ২টি ও সোনাগাজী উপজেলায় ১টি খাল খনন করা হবে।
একই সূত্র জানায়, ফেনী সদরের দাউদপুল খালের টিচার্স ট্রেনিং কলেজ এলাকা থেকে ছোট ফেনী নদী পর্যন্ত ১২ কিলোমিটার এবং পাগলিছড়া খালের পাঠানবাড়ি এলাকা থেকে দাউদপুল হয়ে কালিদাস পাহালিয়া নদী পর্যন্ত ৭ কিলোমিটার খনন করা হবে।
দাগনভূঞা উপজেলায় দুটি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর থেকে বিরলী খালের ২ কিলোমিটার এবং জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার থেকে নেয়াজপুর খালের ২ কিলোমিটার খনন করা হবে।
ফুলগাজী উপজেলায়ও দুটি খাল খনন করা হবে। এর মধ্যে নোয়াপুর এলাকার গতিয়া খাল থেকে সিলোনিয়া খাল পর্যন্ত ২ কিলোমিটার এবং তারালিয়া খাল থেকে সিলোনিয়া খাল পর্যন্ত আরও ২ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে সোনাগাজী উপজেলার দাঙ্গাই খালের ২২ কিলোমিটার খনন করা হবে। তবে প্রথম পর্যায়ের তালিকায় জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কোনো খাল অন্তর্ভুক্ত হয়নি।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা ইতোপূর্বে জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির আওতায় ফেনীর ছয় উপজেলার ১২টি খাল অগ্রাধিকার দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ৭টি খাল অনুমোদন হয়েছে, যার মোট দৈর্ঘ্য ৪৯ কিলোমিটার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন করা হচ্ছে।
