ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৫ এপ্রিল এবং আগামী ৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার (১২ এপ্রিল) শহর ব্যবসায়ী সমিতির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১৫ এপ্রিল, ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি দাখিল ১৮ এপ্রিল, আপত্তি শুনানি ১৯ এপ্রিল, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২১ এপ্রিল, মনোনয়নপত্র বিতরণ ২২ ও ২৩ এপ্রিল, মনোনয়নপত্র জমা ২৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৬ এপ্রিল, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ২৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ২৮ এপ্রিল, চূড়ান্ত প্রার্থি তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২৯ এপ্রিল এবং ৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফেনী সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন ঘিরে ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে ২৭টি শাখা কমিটির আওতায় মোট ভোটার হয়েছেন ১ হাজার ৮২৫ জন।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলাল উদ্দিন আলাল বলেন, ট্রেড লাইসেন্স জটিলতায় ভোটার সংখ্যা কমেছে। তবে ২০১৭ সালের পর এ সংগঠন ব্যবসায়ীদের কাছ থেকে অনেকটা বিচ্ছিন্ন।
