দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪ মে রাত ১২টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। 

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু জেলায় দফায় দফায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, নরসিংদী, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল ও ভোলা জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বজ্রপাত ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যেও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এ পরিস্থিতির প্রভাবে আগামী সাত দিনে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও খাগড়াছড়ি জেলার নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি নদ-নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃষ্টিপাত সারাদিন টানা না হয়ে বিরতি দিয়ে হতে পারে। কোথাও কয়েক ঘণ্টা স্থায়ী বৃষ্টি, আবার কোথাও স্বল্প সময়ের জন্য বৃষ্টিপাত হতে পারে।

এদিকে সারাদেশেই দফায় দফায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।