অর্থনৈতিক শুমারির সর্বশেষ তথ্যে ফেনীর অর্থনীতির ইতিবাচক অগ্রযাত্রার চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে জেলাপ্রশাসক কার্যালয়ে আয়োজিত অর্থনৈতিক শুমারির জাতীয় রিপোর্ট প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে গত এক দশকে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের তথ্য তুলে ধরা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সোহানা রহমান লিসার পরিচালনায় এতে বক্তব্য রাখেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ, সোনালী ব্যাংকের এজিএম মো. আলী মাহমুদ, কারখানা পরিদর্শন বিভাগের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহাম্মেদ আজাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী প্রমুখ।

সেমিনারে উপস্থাপিত তথ্যে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। অর্থাৎ ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একই তথ্যে আরও উল্লেখ করা হয়, ফেনী জেলায় বর্তমানে মোট অর্থনৈতিক ইউনিট রয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬২৩টি। এর মধ্যে স্থায়ী ইউনিট ১ লাখ ৯৪ হাজার ৮৫৮টি, অস্থায়ী ইউনিট ৬ হাজার ৩৪৮টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ৩৮ হাজার ৪১৭টি। অন্যদিকে, ২০১৩ সালের শুমারি অনুযায়ী জেলায় মোট অর্থনৈতিক ইউনিট ছিল ২ লাখ ৩২ হাজার ১৪৩টি। এর মধ্যে স্থায়ী ইউনিট ছিল ১ লাখ ৫৫ হাজার ৫৪৬টি, অস্থায়ী ইউনিট ৫ হাজার ৯১৫টি এবং অর্থনৈতিক খানা ছিল ৭০ হাজার ৬৮২টি।

সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৩ ও ২০২৪-এর বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের ব্যবসা-প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, কৃষি, খামার, ই-কমার্স, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অর্থনৈতিক প্রবণতা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, সঠিক ও হালনাগাদ তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই অর্থনৈতিক শুমারিকে আরও নির্ভুল ও কার্যকর করতে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সাধারণ জনগণকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।