আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। গত নির্বাচনগুলোতে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ-এ দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা করলেও এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত পৃথকভাবে নির্বাচন করছে। এছাড়া আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভোটার হচ্ছেন ৩৪৬ জন। গত বছর ভোটার ছিলেন ৩৩৬ জন। তাদের মধ্যে ভোট দিয়েছিলেন ৩১৫ জন। গত বছর নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে বিজয়ী হয়েছিল বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ। এর আগে ২০২৪ সালের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছিল বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত আলাদাভাবে নির্বাচন করায় ভোটের সমীকরণ পাল্টাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপি সমর্থিত আইনজীবী কল্যাণ পরিষদ থেকে সভাপতি পদে ফরিদ উদ্দিন খাঁন নয়ন, সহসভাপতি পদে শামসুদ্দীন মানিক ও মো. শহীদ উল্যাহ, সাধারণ সম্পাদক পদে হাছান মাহমুদ মামুন, যুগ্ম সম্পাদক পদে কামরুজ্জামান স্বপন, সাংস্কৃতিক সম্পাদক পদে মোশাররফ হোসেন খোন্দকার, অর্থ সম্পাদক পদে প্রিন্স মাহমুদ চৌধুরী, অডিটর পদে হুমায়ুন কবীর বাদল এবং লাইব্রেরি সম্পাদক পদে ইয়াছিন আরাফাত তারেক প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আরিফুল ইসলাম, রোমানা আফরোজ, মো. মনির উদ্দিন সোহাগ, এএসএস ফখরুদ্দিন ভূঁইয়া, আবদুর রহিম সুজন ও আবদুল্লাহ আল মামুন জুয়েল।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে ফরিদ উদ্দিন খাঁন নয়ন দৈনিক ফেনীকে বলেন, শান্তিপূর্ণভাবে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত আলাদাভাবে নির্বাচন করছে। নির্বাচিতরা আইনজীবীরা সমিতির কল্যাণে কাজ করবে এমন আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে জামায়াত সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ থেকে সভাপতি পদে মো. মঈন উদ্দিন, সহসভাপতি পদে কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে আলাউদ্দিন বিন ওয়াদুদ, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান, অডিটর পদে মো. আবুল বাশার আরিফ এবং লাইব্রেরি সম্পাদক পদে ফখরুদ্দীন হেলালী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ফেরদৌস আরা লিয়া, হুসমিস সামাহ শেলি, জিয়াদ হাসান, আবদুর রহীম মামুন, শাহীদুল ইসলাম চৌধুরী ও মো. নাঈম উদ্দিন।

নির্বাচন প্রসঙ্গে জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন বলেন, এবারের আমরা আলাদাভাবে নির্বাচন করছি। আইনজীবীদের মধ্যে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের পৃথক পৃথক ভোটার রয়েছেন। তবে নির্বাচনে বিপুল ভোটে জামায়াত সমর্থিত সম্প্রীতি পরিষদ বিজয়ী হবে।

আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত স্বতন্ত্র প্যানেল থেকে সভাপতি পদে বিমল শীল, যুগ্ম সম্পাদক পদে মাসুদুর রহমান, অডিটর পদে মো. আইয়ুব আলী মিলন এবং সদস্য পদে সুলতান আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন মানিক জানান, কাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি থাকবে। ভোটগণনা শেষ ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে গত ১৭ জানুয়ারি নির্বাচনে ভোটগ্রহণ করার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী সেটি পেছানো হয়। পরে গত ২১ জানুয়ারি ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।