২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর মহিপালে গণহত্যার মামলায় ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে পুলিশের একটি দল গতকাল শনিবার (১১ এপ্রিল) ভোরে ঢাকার পল্লবী এলাকায় বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ফেনী মডেল থানা পুলিশের একটি দল তাকে নিয়ে ফেনী আসেন। পরে বিকেলে তাকে আদালতে নেওয়া হলে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। ডালিমের পৈত্রিক বাড়ি কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরে। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন।
এ ব্যাপারে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম জানান, ডালিমকে গ্রেপ্তার পর ফেনী মডেল থানা পুলিশের একটি দল তাকে নিয়ে রাজধানী থেকে ফেনী নিয়ে আসেন। গতকাল বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ডালিমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মহিপাল হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত ৫টি হত্যা মামলার এজহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে রিমাণ্ডের আবেদন করা হবে।
