ফেনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের উদ্যোগে পরিচালিত তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফেনী সদর উপজেলার মহিপাল (আনসার ক্যাম্প সংলগ্ন) এলাকায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, অভিযানে মেসার্স নিউ এশিয়ান ফুড প্রোডাক্টস বেকারিতে অস্বাস্থ্যকর ট্রেতে টোস্ট বিস্কুট তৈরি, স্বাস্থ্যবিধি অমান্য এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সসহ প্যাকেজিংসহ নানা নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন বিধান সম্বলিত লিফলেট বিতরণ করে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তারা যেন নিরাপদ ও মানসম্মত পণ্য পান এবং প্রতারিত না হয় সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা ও জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।