ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমাদের ১১ দলীয় জোট ইনশাআল্লাহ দুর্নীতি, নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে কাজ করে যাবো। এ তিনটা কাজে আমরা ভালো করতে পারবো। প্রয়োজনে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের সাথে আমরা ওপেন চ্যালেঞ্জ দেবো। প্রচারণায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষেও ভোট চান মঞ্জু।
গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত লেমুয়া ইউনিয়নের লেমুয়া ও কসকা বাজার, উত্তর চাঁদপুর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে মঞ্জু বলেন আরো বলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী ৩০০ আসনে প্রার্থীদের মধ্যে অর্ধেকে ঋণখেলাপী। ব্যাংক তাদের টাকা দিয়েছে ব্যবসা করার জন্য। আর তারা টাকা মেরে দিয়েছে। যারা ব্যাংকের টাকা মেরে দিয়েছে তারা তো দেশের খারাপ করবে। যারা অন্তঃকোন্দলে নিজেদের কর্মীকে নিজেরাই মেরে ফেলছে, তারা কীভাবে জনগণের নিরাপত্তা দেবে। যারা ১৫ থেকে ১৬ বছর নির্যাতিত ছিলেন আশা করি সঠিক পথে ফিরে আসবে।
প্রচারণায় জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, এবি পার্টির জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন, লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুন্সি কামরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদ হাসান, জামায়াত নেতা জামাল উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ অংশ নেন।
