সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জয়ের পর বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে নব নির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়।
প্রথমে জেলা বিএনপির পক্ষ থেকে আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারি, সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, কামরুল হাসান মাসুদ, কফিল উদ্দিন মামুন, নুর হোসেন সেলিম, আবুল খায়ের লিংকনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা শিক্ষক সমিতির সভাপতি সামছুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরীর নেতৃত্বে নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া জয়নাল হাজারী কলেজ গভর্নিং বডির সভাপতি এম এ খালেক ও অধ্যক্ষ এনামুল হকসহ শিক্ষক ও সদস্যরা তাকে শুভেচ্ছা জানান।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাতের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক জয়নাল আবেদীন ভিপিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণসহ নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
এদিকে জয়ের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে প্রতিদ্বন্দ্বী জামায়াত জোট মনোনীত প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভিপি জয়নাল। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি করেন তারা। এসময় ফেনীর উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় মজিবুর রহমান মঞ্জু তাকে অভিনন্দন জানিয়ে ফেনীর উন্নয়নের জন্য বিরোধীদলের সকলের সাথে সমন্বয় রেখে সুন্দর পরিবেশে কাজ করার আহবান জানান
