নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে যখন দিশেহারা সাধারণ মানুষ, ঠিক তখনই বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক গ্রুপ ফেনীয়ান। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) শহরে শহীদ মিনার প্রাঙ্গণে চালু করা হয়েছে ‘ইনসাফের বাজার’ যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে ন্যায্যমূল্যে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সংগঠনের প্রতিনিধিরা অস্থায়ী স্টল বসিয়ে নানা ধরনের শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়েছেন। বাজারদরের তুলনায় কম দামে এসব পণ্য বিক্রি করা হচ্ছে এবং পুরো কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
স্টলে ডিম, লেবু, বিভিন্ন মৌসুমি শাক-সবজি সহ দৈনন্দিন প্রয়োজনীয় অন্তত ১৫ ধরনের পণ্য লক্ষ্য করা গেছে। ক্রেতাদের ভিড়ও ছিল উল্লেখযোগ্য।
সংগঠনের প্রতিনিধিরা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারদাম বাড়ানো হচ্ছে। সেই সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে ক্রেতারা বলছেন, এমন উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে। এটি শুধু বাজার নিয়ন্ত্রণের প্রচেষ্টা নয়, বরং সিন্ডিকেটের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।
মানবিক গ্রুপ ফেনীয়ানের প্রতিনিধি তাহমিদুল ইসলাম বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। আমরা সেই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ‘ইনসাফের বাজার’ চালু করেছি।
সংগঠনের আরেক প্রতিনিধি আব্দুল আজিজ বলেন, ইনসাফে বাজারে আমরা লাভের কথা চিন্তা করছি না, বরং চাই মানুষ যেন ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন।
আহসান হাবীব নামে এক ক্রেতা বলেন, আমরা বাজারের দামের চেয়ে এখানে কিছুটা কম দামে পণ্য পেয়েছি। বর্তমান সময়ে প্রতিদিনের বাজার করতে গেলে যে খরচ হয়, তাতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এমন উদ্যোগ সত্যিই স্বস্তিদায়ক।
আরেক ক্রেতা নুসরাত জাহান বলেন, ইনসাফের বাজারের মতো আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। এটি শুধু একটি বাজার নয়, বরং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ।
