স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইয়ুথ এইড সোসাইটির ইফতার মাহফিল ও ইসলামিক কুইজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ই মার্চ) ফেনী সদর উপজেলার ছনুয়া গনিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

জানা গেছে, এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ইয়াস ইসলামিক কুইজ প্রতিযোগিতা’। কুইজ প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হয় সুললিত কণ্ঠে গজল ও বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ​অনুষ্ঠান শেষে ইয়াস ইসলামিক কুইজসহ সকল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। দেড় শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী এবং সংগঠনের স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানের প্রকৃত শিক্ষা ও ইসলামি জ্ঞান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ইয়াস ইসলামিক কুইজের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মেধা যাচাই ও জ্ঞান অর্জনে উৎসাহিত করার চেষ্টা করেছি। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে আমাদের এই ধরনের শিক্ষামূলক ও সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাহে রমজানের ফজিলত নিয়ে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে মিলে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।