‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফেনীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।

এসময় তিনি বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন এবং দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার পাশাপাশি যেকোনো বড় দুর্যোগ মোকাবেলায় সচেতনতা অবলম্বনের আহ্বান জানান।

মহড়ায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটের সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে করণীয় বিষয়ে প্রদর্শনী করেন। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কীভাবে নিরাপদে বের হতে হবে এবং দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান কীভাবে পরিচালনা করা হয় সে বিষয়ে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়।এতে অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার, বহুতল ভবনে আটকে পড়াদের নিরাপদে নামিয়ে আনা এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম, ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।