ফেনীর সদর উপজেলার শর্শদী ইউনিয়নের পশ্চিম দেবীপুর এলাকায় হাঁসের খামারে চাঁদা দাবির ঘটনায় করা মামলার প্রধান আসামি ইব্রাহিম খলিল নয়নকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার (১১ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি রাতে পশ্চিম দেবীপুর এলাকার বাসিন্দা আবু বক্করের হাঁসের আড়তে গিয়ে নয়নসহ কয়েকজন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আবু বক্কর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ও তাঁর ছেলেকে মারধর করেন। এতে দুজনই গুরুতর আহত হন।
এ ঘটনায় আবু বক্কর বাদী হয়ে ইব্রাহিম খলিল নয়ন ও জাফর আহমেদ মানিকসহ কয়েকজনকে আসামি করে আদালতে আবেদন করেন। পরে আদালতের নির্দেশে গত ১৬ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পারসিত চাকমা জানান, মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত ভোররাত আনুমানিক আড়াইটার দিকে পশ্চিম দেবীপুরের হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নয়ন শর্শদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজী বাড়ির মো. হানিফের ছেলে।
আবু বক্করসহ স্থানীয় কয়েকজনের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট ফেনী মডেল থানা থেকে অস্ত্র লুটের ঘটনাতেও নয়নের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে উল্লেখ করেন তারা। তার ঘরে তল্লাশি করলে অস্ত্র পাওয়া যেতে পারে।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার (৯ মার্চ) ভুক্তভোগী আবু বক্কর, মমিন, জামাল উদ্দিন ও আবু আহম্মেদ পুলিশ সুপারের সাথে সাক্ষাত করে নির্যাতন ও চাঁদার বিষয়ে পুলিশ সুপার মো. মোহাম্মদ শফিকুল ইসলামকে জানালে তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
ভুক্তভোগী হাঁস ব্যবসায়ী আবু বক্কর জানান, গত ৬ ফেব্রুয়ারি হামলার ঘটনার পর থেকে তিনি আসামিদের ভয়ে বাড়িছাড়া হয়ে পড়েছেন। প্রায় ২৫ বছর ধরে তিনি ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন জেলা থেকে হাঁস সংগ্রহ করে ফেনীতে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সর্বশেষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পাশাপাশি পিকনিকের জন্য হাঁস দিতে চাপ দেওয়া হয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি বিকেলে সিলেট থেকে হাঁস এনে দোকানে নামানোর সময় অভিযুক্তরা হামলা চালায়।
