ফেনীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় শহরের ট্রাংক রোড এলাকায় অগ্র বাংলাদেশ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফেনীর তরুণ স্বেচ্ছাসেবক ও ক্লাইমেট অ্যাক্টিভিস্টরা এ কর্মসূচি পালন করেন।
এসময় বিভিন্ন জলবায়ু সচেতনতামূলক স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে তারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানান। স্ট্রাইক থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে LNG’র পরিবর্তে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর দাবি তোলা হয়। একই সঙ্গে ২০২৪ সালের ভয়াবহ ফেনী বন্যার মতো দুর্যোগ ভবিষ্যতে যেন আর না ঘটে, সে লক্ষ্যে আগাম প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে তরুণদের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আরও ক্ষমতায়নের আহ্বানও জানানো হয়।
আয়োজক সংগঠন অগ্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল আবিদ বলেন, “জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো গল্প বা তত্ত্ব নয়, এটি বর্তমান বাস্তবতা। ২০২৪ সালের ফেনীর বন্যা তার বড় প্রমাণ। যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে।”তিনি আরও বলেন, “আমরা মাননীয় পরিবেশ মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, ফেনীর জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের ক্ষমতায়ন করতে হবে এবং জলবায়ুবিষয়ক জাতীয় নীতিমালাগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”
বিডি ক্লিনের তরুণ নেতা জেহাদ হোসেন বলেন, “আগে ক্লাইমেট স্ট্রাইকে অংশ নিতে আমাদের ঢাকা বা চট্টগ্রামে যেতে হতো। এখন ফেনীর তরুণরাই নিজ শহর থেকে নিজেদের অধিকারের পক্ষে আওয়াজ তুলছে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে যাব।”
অগ্র বাংলাদেশ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ স্ট্রাইকে হেল্প ফর টু ডে, লাল সবুজ সোসাইটি, বিডি ক্লিনসহ বিভিন্ন তরুণ সংগঠনের স্বেচ্ছাসেবক ও ক্লাইমেট অ্যাক্টিভিস্টরা অংশগ্রহণ করেন।
