আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে ফেনীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও প্রযুক্তি নির্ভর ভূমি সেবা পৌঁছে দিতে এ মেলা চলবে ২১ মে পর্যন্ত। ফেনী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার (১৭ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একে এম ফয়সাল এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ১৯ মে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ৬৪ জেলার একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে একে এম ফয়সাল জানান, ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা সহজলভ্য করা, মেলার মাধ্যমে সরাসরি ভূমিসেবা প্রদান, অনলাইন ভূমি সেবা গ্রহণে নাগরিকদের উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা, রাজস্ব আয় বৃদ্ধি, অভিযোগ গ্রহণ, তাৎক্ষণিক সমাধান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন কার্যক্রমকে এগিয়ে নেওয়াই এ মেলার মূল উদ্দেশ্য।
তিনি বলেন, মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন পোর্টাল সিস্টেমে রেজিস্ট্রেশন, নামজারি আবেদন ও অনুমোদন সংক্রান্ত সহায়তা প্রদান করা হবে। এছাড়া ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি ইতিহাসের সার্টিফায়েড কপি প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সরবরাহ, অনলাইনে মিউটেশন ফি বিকাশের মাধ্যমে পরিশোধে সহায়তা এবং ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদানের জন্য সার্বক্ষণিক কারিগরি পরামর্শের ব্যবস্থাও থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, মেলায় ৭টি সেবা স্টল থাকবে। এর মধ্যে জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহ মেলায় অংশগ্রহণ করবে। এছাড়া প্রযুক্তি সহায়তাকারী হিসেবে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উপস্থিত থাকবে। ভূমিসেবা মেলা জনগণের মধ্যে ভূমি সেবা সম্পর্কে আস্থা বৃদ্ধি করবে এবং দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরাসহ বিভিন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
