আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, যুক্তি দিয়ে বুঝিয়ে মানুষকে সংশোধন করাই হলো ইসলামের কাজ। বিরুদ্ধ মতের উপর শক্তি প্রয়োগ ও হামলা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। গতকাল রোববার (১৭ মে) সকালে মিরপুর শাহ আলী বেগদাদী (রহ.) এর মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আহ্বান জানান।

বক্তব্যে মঞ্জু আরও বলেন, ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না। তিনি সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের উপর হামলাকে বিরুদ্ধ মতের উপর হামলা অভিহিত করে এর বিরুদ্ধে জুলুম ও বৈষম্য বিরোধী নাগরিকদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মোহাম্মদ রোমেলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। বিপুল সংখ্যক বিক্ষুব্ধ মাজার ভক্ত, পাগল, সাধক, বাউল ও দর্শনার্থী সমাবেশে অংশ নেন।

মীরপুর শাহ আলী মাজারে হামলায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ছোটবেলায় আমরা অনেকেই ভক্তি সহকারে মাজার জেয়ারত করেছি, মাজারে মোমবাতি জ্বালিয়েছি। কিন্তু বিজ্ঞ আলেমদের কাছ থেকে যখন জানতে পেরেছি এগুলো ধর্মমতে সহীহ কাজ নয় আমরা সেগুলো পরিহার করেছি। বিজ্ঞ আলেমগণ আমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছেন কিন্তু কখনোই মাজারে হামলা করে এসব কাজ বন্ধ করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন নি।

সারাদেশের মাজারগুলোতে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, মাদক বিরোধী অভিযান শুরু করতে হবে সচিবালয় ও জাতীয় সংসদ থেকে। প্রয়োজনে সংসদে, সচিবালয়ে এবং পুলিশ প্রশাসনের মধ্যে যারা মাদকাসক্ত তাদের তালিকা প্রকাশ করা হবে। অধিকার আদায়ের প্রশ্নে এবি পার্টির সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ফরিদুল হক প্রমুখ। সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভার যৌথ আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।