শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করতে “শিক্ষার্থী নির্দেশনা ও ভর্তি প্রস্তুতি কর্মসূচির আয়োজন করেছে সামাজিক ও শিক্ষাবিষয়ক সংগঠন রাফা ফাউন্ডেশন।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় ফেনীর ছনুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন রাফা ফাউন্ডেশনের সভাপতি এবং ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামসুদ্দিন ফরহাদ, রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, ফাউন্ডেশনের উপদেষ্টা নূরুল ইসলাম মনির, চট্টগ্রাম ভেটেরিনারি ও প্রাণিসম্পদ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন রানা, স্কয়ার গ্রুপের চার্টার্ড একাউনটেন্ট আজম মোহাম্মদ, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক গিয়াস উদ্দিন রিয়াদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও পেশাজীবীরা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকেরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা উচ্চশিক্ষা, ভর্তি পরীক্ষার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, সময় ব্যবস্থাপনা এবং কর্মজীবন পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি নিজেদের শিক্ষাজীবন ও কর্মজীবনের অভিজ্ঞতাও শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
আয়োজক সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় কর্মসূচিটি সাজানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সঠিক কলেজ নির্বাচন, আত্মউন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আগামী কয়েক মাসের কার্যকর পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, ফলাফল উন্নয়ন এবং কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামসুদ্দিন ফরহাদ বলেন, “শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া, শিক্ষা সহায়তা প্রদান এবং কর্মজীবন বিষয়ে পরামর্শের মাধ্যমে তাদের সম্ভাবনা বিকাশে কাজ করছে রাফা ফাউন্ডেশন। আমরা ফেনীর পূর্বাঞ্চলে শিক্ষার অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদী উদ্যোগ নিতে চাই। শিক্ষা কোনো সুযোগ নয়, এটি প্রতিটি মানুষের অধিকার।”
তিনি আরও বলেন, “দেশ ও সমাজের মানুষের অবদানেই আমরা শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছি। তাই সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, ভর্তি পরীক্ষা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে সরাসরি অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
