ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও এখনো রহস্য রয়ে গেছে ফেনী শহরের রাজাঝির দিঘিতে গাজীপুরের শুক্কুর আলীর (৪৫) মৃত্যুর কারণ। এটি কি হত্যাকান্ড না এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম দৈনিক ফেনীকে জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। ময়নাতদন্ত প্রতিবেদন দ্রুত পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে। তিনি আরও বলেন, আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তেমন কিছু পাওয়া যায়নি। তিনি যাদের সাথে কাজ করতেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে তেমন কোন সূত্র মেলেনি।

এর আগে গত ৯ ডিসেম্বর রাত ৯টার দিকে মডেল থানার সামনে রাজাঝির দিঘির পশ্চিম পাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় শুক্কুর আলী নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্কুর আলী গাজীপুরের হারুন আলীর ছেলে। ফেনীতে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। এর পরদিন ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আবু কাউছার নিপু নামে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি দিঘিতে ডুবন্ত শুক্কুর আলীর মরদেহ প্রথমে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।