ফেনীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি নিরাপত্তায় মাঠে থাকবে ৫ হাজার ৫৬৪ জন আনসার-ভিডিপি সদস্য। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ফেনীর ভাষা শহিদ আবদুস সালাম স্টেডিয়ামে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লার রেঞ্জ কমান্ডার মোহা: মাহবুবর রহমান, পিএএমএস, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন লক্ষীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে ফেনীর ৪২৮টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫৫৬৪ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ তিনজন এবং দুইজন সদস্য সুরক্ষা এপসে এন্ড ইউজার হিসেবে সার্বক্ষণিক ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট করবে।
সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে কুমিল্লার রেঞ্জ কমান্ডার নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সকল সদস্যকে দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচনী সুরক্ষা অ্যাপসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যেকোনো অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে, যাতে দ্রুত টহল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে।
তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার-ভিডিপি সদস্যের মধ্যে দুইজন সদস্য সরাসরি নির্বাচনী সুরক্ষা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবেদন দাখিল করবেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জেলা কমান্ড্যান্ট থেকে শুরু করে আনসার-ভিডিপি সদর দপ্তর পর্যন্ত একটি শক্তিশালী অবজারভার টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। এ ব্যবস্থার ফলে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন প্রভাবিত করার সুযোগ থাকবে না।
বক্তব্যে লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনায় শারীরিকভাবে সুস্থ, প্রশিক্ষিত ও স্মার্ট সদস্যদেরই এবারের নির্বাচনী দায়িত্বে বাছাই করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশ ও বাহিনীর পতাকাকে সমুন্নত রেখে রাষ্ট্রের অর্পিত এই পবিত্র দায়িত্ব এবং জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করাই সকল সদস্যের প্রধান কর্তব্য।
ফেনীর জেলা কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন প্রত্যাশা ব্যক্ত করে জানান, পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যরা আগামীতেও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনআস্থা আরও সুদৃঢ় করবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশ আরো উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলার আভি কর্মকর্তা আমির হোসেন, দাগনভূঞা উপজেলার আভি কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলার উপজেলা আভি কর্মকর্তা জনাব শামীম আরা, ছাগলনাইয়া উপজেলার উপজেলা আভি কর্মকর্তা প্রিভেল মাহমুদ এবং পরশুরাম উপজেলার উপজেলা আভি কর্মকর্তা আবুল বাসারসহ উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক, উপজেলা প্রশিক্ষক সাখাওয়াত হোসেন, উপজেলা প্রশিক্ষক রুবেল, উপজেলা প্রশিক্ষক আবু সাইদ মাতুব্বর, উপজেলা প্রশিক্ষিকা পারভীন, উপজেলা প্রশিক্ষিকা ইসমত আরা, উপজেলা প্রশিক্ষিকা রহিমা খাতুন এবং ব্যাটালিয়ন আনসার সদস্য ও কর্মচারীরা।
উল্লেখ্য, ফেনীতে সরাসরি উপস্থিতির পাশাপাশি মাল্টিমিডিয়া প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে মহাপরিচালকের বক্তব্য শুনানো হয়। এছাড়া ফেনী জেলার ছয়টি উপজেলায় আনসার ব্যাটালিয়নের ১৩টি স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে।
