ফেনীতে মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (৮ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় ফেনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রেলস্টেশন সংলগ্ন এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আটকরা হলেন, সোনাগাজী উপজেলার সম্বাভীগারী গ্রামের মৃত বাবুল মজুমদার ছেলে শুভ মজুমদার (২৫),
কিশোরগঞ্জ জেলার ডারাইল উপজেলার মো. মিয়া হোসেনের ছেলে মো. বাদল (২৭) ও সোনাগাজী উপজেলার মৃত শাহ আলমের ছেলে মো. সোহেল (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাদকসহ হাতেনাতে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
