চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের সায়মন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।