হাম রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফেনীতে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এতে জেলার ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। গতকাল রোববার (১৯ এপ্রিল) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ক্যাম্পেইনে জেলার ছয়টি উপজেলা ও একটি পৌরসভায় ৯ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা ২৮ হাজার ১৯২ জন। ক্যাম্পেইনে আগে নিয়মিত কর্মসূচির আওতায় দুই ডোজ টিকা সম্পন্ন করা শিশুরাও এ ক্যাম্পেইনে অতিরিক্ত এক ডোজ টিকা গ্রহণ করতে পারবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরো কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ৮ কর্মদিবসে পাড়া-মহল্লা ও কমিউনিটির বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। শেষ তিন কর্মদিবসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল ও মাদরাসায় এ কার্যক্রম পরিচালিত হবে। জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৯৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ১০৫টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের এ টিকা প্রদান করা হবে।

এর মধ্যে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ফেনী সদর উপজেলায় ৫৭ হাজার ৮৬৮ জন এবং সর্বনিম্ন পরশুরাম উপজেলায় ১৫ হাজার ৯৩২ জন। এছাড়া সোনাগাজীতে ৩৮ হাজার ৪ জন, দাগনভূঞায় ২৬ হাজার ৭৫৭ জন, ছাগলনাইয়ায় ২২ হাজার ৯৮৫ জন এবং ফুলগাজীতে ১৮ হাজার ২৫ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এছাড়া ফেনী পৌরসভা এলাকায় ১৩ হাজার ৮৫০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, শিশুদের সুরক্ষায় সকল অভিভাবক নির্ধারিত সময়ে পোর্টালে নিবন্ধন করে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা গ্রহণ করবে। ক্যাম্পেইন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।