পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মুছাপুর রেগুলেটর প্রকল্প বাস্তবায়ন না হলে প্রতিবছর ঢলের পানিতে উপকূলবাসীকে ভেসে থাকতে হবে। মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ কাজ দ্রুত শুরু হবে এবং অচিরেই এর কাজ দৃশ্যমান হবে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মুছাপুর রেগুলেটর প্রকল্প বাস্তবায়ন না হলে প্রতিবছর ঢলের পানিতে আমাদের ভেসে থাকতে হবে। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রকল্পটি বাস্তবায়ন করা জরুরি। দীর্ঘদিন পর এই সুযোগ এসেছে এবং জনগণ আমাদের নির্বাচিত করেছেন বলেই আমরা এ দাবিটি বাস্তবায়নের চেষ্টা করছি।
তিনি বলেন, অতীতে দেশনেত্রী খালেদা জিয়া এই এলাকার মানুষের দাবির প্রতি একমত হয়েছিলেন বলেই এখানে একটি রেগুলেটর ও বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে সেটি বর্তমানে ভেঙে যাওয়ায় নতুন করে প্রায় ১০ কিলোমিটার এলাকায় সমন্বিত প্রকল্প গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মুছাপুর রেগুলেটর পুন:নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। ২০২৪ সালের বন্যার পর রেগুলেটরের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত হয়েছেন বলেই তাকে সরেজমিনে পরিদর্শনে পাঠানো হয়েছে। প্রকল্পটি আগামী একনেক সভায় উপস্থাপন করা হবে এবং দ্রুত কাজ শুরু করার আশা প্রকাশ করেন তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মুছাপুর রেগুলেটর শুধু মুছাপুর এলাকার সমস্যা নয়, এটি বৃহত্তর নোয়াখালীবাসীর সমস্যা। ২০০৩ সালে বিষয়টি চিহ্নিত হওয়ার পর ২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেই মুছাপুর রেগুলেটর প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন। ২০২৪ সালে ভারতীয় নদীর উজান থেকে আসা ঢলের তীব্র স্রোতে মুছাপুর রেগুলেটরটি বিলীন হয়ে যায়। এরপর থেকেই উপকূলের মানুষ আবারও ঘরবাড়ি রক্ষার লড়াই শুরু করেছে। সামনে বর্ষা মৌসুমে কী হবে তা নিয়ে এলাকাবাসী উদ্বেগে রয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ হলে ছোট ফেনী ও বামনী নদী অববাহিকার বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে, যা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম শিকদারের সঞ্চালনায় সভায় গেস্ট অব অনার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুবুর রহমান, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক, ফেনী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ, নোয়াখালী পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম. রেফাত জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
