দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিন ছুটি মিলছে এই ফেব্রুয়ারি মাসে। জাতীয় নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় ব্রত মিলিয়ে এই টানা ছুটির সুযোগ তৈরি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে ১১ ও ১২ ফেব্রুয়ারি। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৮ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হয়ে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটির পর ২৯ মার্চ শিক্ষা কার্যক্রম শুরু হবে।
ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ও দুর্গাপূজার ছুটি: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ১২ দিন ছুটি থাকবে, যা ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। দুর্গাপূজায় এবার পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা–ই–ইয়াজ দহমে এক দিন করে ছুটি থাকবে।
সংরক্ষিত ছুটি ও অন্যান্য দিবস: প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি থাকছে এবারও। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার–অনুষ্ঠানে নির্ধারিত নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পালন করা হবে।
চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিনেই মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে স্কুল–কলেজে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। এরপর ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পালন করা হয়।
