ছাগলনাইয়ায় রাতের আঁধারে কৃষকের ফসলী জমির মাটি কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে অসাধু মাটি খেকো সিন্ডিকেটের রোষানলে পড়ছেন জমির মালিকরা। ছাগলনাইয়া পৌর এলাকাসহ উপজেলার পাঁচ ইউপির অন্তত ত্রিশটি স্থানে প্রতি রাতে দেদারসে ফসলী জমির মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগলনাইয়ার বিভিন্ন এলাকায় স্ক্যাভেটর ব্যবহার করে জমির অন্তত ১০ থেকে ১৫ ফুট গভীর পর্যন্ত মাটি কেটে নেওয়ায় কৃষিতে ব্যাপক ক্ষতির পাশাপাশি মাটি বহনকারী পিকআপ ভ্যান চলাচলে গ্রামাঞ্চলের সড়কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত সোমবার (১৯ জানুয়ারি) রাতের আঁধারে ছাগলনাইয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সৌদি প্রবাসী আবু তাহেরের ফসলী জমি থেকে অন্তত ১০ হাত গভীর করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আবদুল কাদের জিলানী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে প্রবাসীর স্ত্রী হালিমা আক্তার জানান, আমার স্বামী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে। যে জমিতে ধান চাষ করে আমরা ভাত খাই সে জমিটি রাতের আঁধারে কোন এক সময় ১০ হাত গভীর করে মাটি কেটে অন্যত্র বিক্রি করেছে আবদুল কাদের জিলানী। অনুমতি না নিয়ে জমির মাটি কাটার সাথে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

দক্ষিন সতর এলাকার কৃষি জমির স্কিমের ম্যানেজার আবু কাশেম জানান, মাটি কাটায় বাধা দিলে মারধরের হুমকি দেওয়ার পাশাপাশি স্কিমের মেশিন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তারা। তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম খানের অভিযোগ, দক্ষিণ সতর এলাকায় প্রতি রাতে মানুষের কৃষি জমির মাটি নিয়ে যাচ্ছে একটি চক্র। তিনি জানান, এদের বিরুদ্ধে কথা বললে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করতে আসে। অবাধে ফসলী জমির মাটি কাটার সময় কৃষি জমির সেচের জন্য ব্যবহৃত পাইপগুলো ভেঙে ফেলা হয়েছে। ফলে পরবর্তী মৌসুমে ধান আবাদ হুমকির মুখে।

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা জানান, ফসলী জমির মাটি কর্তনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, মাটি কাটার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।