দৈনিক ফেনীতে সংবাদ প্রকাশের পর ছাগলনাইয়ার সেই গৃহহীন নারী নাজমা আক্তারকে ঘর নির্মাণে ঢেউটিন প্রদান করেছে উপজেলা প্রশাসন। ২০২৪ এর বন্যায় তার বসতঘর ধ্বসে পড়ার পর থেকে অর্থ সংকটে ঘর সংস্কার করতে না পারায় অন্যের ঘরে স্বামী সন্তান নিয়ে আশ্রয় নেয় নাজমা। এ বিষয়ে গত ৮ মার্চ দৈনিক ফেনী পত্রিকায় ‘ছাগলনাইয়ায় বন্যার ধকলে এখনো গৃহহীন নাজমা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারহানা পৃথার নজরে আসে। ঘটনার বিষয়ে নিশ্চিত হয়ে গতকাল সোমবার (৯ মার্চ) সরকারি তহবিল থেকে নাজমার ঘর নির্মাণে দুই বান ঢেউটিন সহায়তা প্রদান করেন ইউএনও এবং পরে কিছু নগদ অর্থ সহায়তা প্রদানের আশ্বাস দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক ও পৌর মহিলা দলের সদস্য পলী আক্তার উপস্থিত ছিলেন। গৃহহীন নাজমা ছাগলনাইয়া উপজেলাধীন রাধানগর ইউনিয়নের নাছির গ্রাম জাকের মিয়া সওদাগর বাড়ীর ফরহাদুল ইসলামের স্ত্রী।