চাঁদগাজী হাই স্কুল প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে বাংলার বীর শমসের গাজী বইয়ের পুনর্মুদ্রণ ও প্রকাশনা উৎসব এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে ইফতার মাহফিল, ওবায়েদ উল্লাহ মজুমদার রচিত ঐতিহাসিক গ্রন্থ ‘বাংলার বীর শমসের গাজী’-এর পুনর্মুদ্রণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

ঢাকা সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র নুরুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক আবু তাহের, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাইদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মীর হোসেন নাহিদ, শিক্ষা ক্যাডার কর্মকর্তা আবিদুর রহমান আবেদ, কবি সবিহ মাহমুদ, বিশিষ্ট ব্যাংকার দ্বীন মাহামুদ, চাঁদগাজী হাই স্কুলের শিক্ষক কবির আহমেদ সিদ্দিকী, মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন এবং উপজেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মোতাহের হোসেন লিটনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা ‘বাংলার বীর শমসের গাজী’ গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্বও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ফেনী থেকে ছাগলনাইয়া সড়কের নাম "শমসের গাজী সড়ক" নামকরণ এবং ফেনীতে শমসের গাজীর নামে লাইব্রেরি, সাংস্কৃতিক কেন্দ্র করার দাবি তোলা হয়। এছাড়াও শমসের গাজীকে পুরো দেশে প্রাসঙ্গিক করার জন্য তাকে নিয়ে আরও বেশী গবেষণা ও সবাই সবার জায়গা থেকে সচেতন ও স্বোচ্চার ভুমিকা রাখার আহবান জানানো হয়।