ফেনীর ছাগলনাইয়ায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাজার এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা পৃথা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেকারি পণ্যে ক্ষতিকর ঘনচিনি ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মেসার্স বাগদাদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অনুমোদনহীন উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। এদিন ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে মিষ্টি ও রান্না করা খাবার সংরক্ষণ, দইয়ে মেয়াদ উল্লেখ না করা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মেসার্স চমক সুইটস অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ও সংশ্লিষ্ট খাবার জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে মেসার্স রাহুল ফার্মেসি ও আলম ফার্মেসিকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তারা যেন নিরাপদ ও মানসম্মত পণ্য পান এবং প্রতারিত না হয় সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ছাগলনাইয়া থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান শেষে অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।