ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী উচ্চ বিদ্যালয় এবং কলেজে শিক্ষার্থীদের মাঝে আইন সচেতনতা বৃদ্ধি, অধিকার ও দায়িত্ব সম্পর্কে বাস্তব ধারণা প্রদান এবং সামাজিক দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটি (ফুলমস) এর উদ্যোগে আয়োজিত ‘স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম’৫ম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৭ মে) সকালে অত্র প্রতিষ্ঠানে সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। তিনি তার বক্তব্যে “স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম”-এর ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মাঝে আইন সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতে ফুলমস-এর সকল ইতিবাচক কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন। কর্মসূচিটি দুটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশন পরিচালনা করেন ওসি মোহাম্মদ শাহীন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, সাইবার সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি এই আয়োজনকে একটি ইতিবাচক ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
দ্বিতীয় সেশন পরিচালনা করেন ফুলমস-এর জয়েন্ট সেক্রেটারি বিবি জুলেখা। তিনি শিক্ষার্থীদের মৌলিক অধিকার, ভোক্তা অধিকার, আইনি সচেতনতা এবং দৈনন্দিন জীবনে আইনের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তারেক, চাঁদগাজী কলেজের সাবেক সভাপতি ফজলুল করিম লিটন, গভর্নিং বডির অভিভাবক সদস্য আনোয়ার হোসেন ফরাজি, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলম এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাহেরা বেগম।
ফুলমস-এর ফাইন্যান্স সেক্রেটারি সানজিদা জান্নাত সায়িমার সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ফুলমস-এর সাধারণ সম্পাদক কাজী মহিবুল হক সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মাঝে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সমাজে ন্যায়বিচার, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষে আলোচ্য বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
