অবশেষে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক সংস্কার কাজের অনিয়মের বিষয়টি আমলে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এ বিষয়ে গতকাল রোববার (২১ জুন) দৈনিক ফেনীতে 'ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কে টেকসই কাজের নামে অনিয়মের অভিযোগ, নিম্নমানের কাজেও সন্তুষ্ট নির্বাহী প্রকৌশলী' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সড়ক ও জনপথ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমার নজরে আসলে তিনি দৈনিক ফেনীকে দেওয়া তার একটি ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

দৈনিক ফেনীর প্রতিবেদককে নির্বাহী প্রকৌশলী জানান, গত শনিবার ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগের বিষয়ে দৈনিক ফেনীর প্রতিবেদককে উক্ত কাজের বিষয়ে আমি সন্তুষ্ট বলে ভুলবশতঃ মন্তব্য করেছি। এমন ভুল বক্তব্যের জন্য অনুতপ্ত হয়ে তিনি জানান, সড়কটি পরিদর্শন করে দেখেছি বেশ কিছু স্থানে পাথর উঠে গর্তের সৃষ্টি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সড়কের ত্রুটিপূর্ণ কাজ দ্রুত সংস্কার করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট (ডিবিএসটি) পদ্ধতিতে এ সড়ক সংস্কার কাজের মান নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের দেখা দেয়। বিগত সময়ে এমন নিম্নমানের কাজ ছাগলনাইয়া উপজেলার কোন সড়কে হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। সরকারি বরাদ্দ অনুযায়ী এ সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানান তারা।