ফেনীর পরশুরাম উপজেলার কহুয়া গ্রামে অগ্নিকাণ্ডে মইনুল ইসলাম মজুমদার নোটন নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কহুয়া গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কহুয়া গ্রামের মজুমদার বাড়ির একটি বসতঘরে হঠাৎ আগুনের ধোঁয়া ও শিখা দেখা যায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে

ভুক্তভোগী প্রতিবেশী নুরুল আলম মজুমদার বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বোঝা যাচ্ছে না। যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগতো, তাহলে এক জায়গা থেকে শুরু হওয়ার কথা। কিন্তু ঘরের দুই কোণায় আগুন দেখা গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা শুভ মজুমদার জানান, দুপুরে জোহরের নামাজের পর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকাকালে আগুন লাগার চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি বলেন, ঘরের ভেতরে দুইটি খাটের দুই পাশে আগুন জ্বলতে দেখেছি। আমরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করি এবং কিছু জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করি। তবে একটি ফ্রিজ ছাড়া তেমন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে