পরশুরামে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

‎‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড গ্রহণ, শিক্ষার্থীদের প্রদর্শনী ও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

‎মহান স্বাধীনতা দিবসে সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিলোনিয়া স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বিলোনিয়া স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি,পরশুরাম মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরশুরাম প্রেস ক্লাব, প্রাথমিক শিক্ষক সমিতি, সরকারি বিভিন্ন দপ্তর, পরশুরাম উপজেলা ও পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে শহীদদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

‎সকাল ৮টায় পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানা সভাপতিত্বে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে মার্চপাস্ট প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

‎‎অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

‎সভায় উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

‎‎উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নুর, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আশ্রাফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক মেয়র আবু তালেব, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন প্রমুখ।

‎‎এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপি আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম,পৌর আমীর মোহাম্মদ মোস্তফা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।