২০২১ সাল থেকে অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে প্রতি বছর গাভী উপহার দেয় পরশুরামের ভারত সীমান্তবর্তী গ্রাম আশ্রাফপুর গ্রামের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আশ্রাফপুর জনকল্যাণ সংগঠন।

‎রোববার (৩১ মে) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে লটারি পদ্ধতির ভিত্তিতে অসচ্ছল তিন পরিবারকে গাভী প্রদান করা হয়।

‎সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে গরু উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার, ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান বাবু, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সংগঠনের উপদেষ্টা আবুল হোসেন সুমনসহ সংগঠনের সদস্য ও গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন। 

‎এ সময় তিনটি পরিবারকে স্বাবলম্বী করতে পরিবারের সদস্যদের মাঝে গাভী উপহার দেন সংগঠনের সদস্য ও গ্রামবাসী।

‎অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করতে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ১৭টি গাভী সংগঠনটির পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে।

‎আশ্রাফপুর জনকল্যাণ সংগঠনের সদস্যরা দরিদ্র ও অসহায়দের মাঝে সহায়তা,রমজানে ইফতার সামগ্রী বিতরণ,অসুস্থদের চিকিৎসা সামগ্রী প্রদানসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।