ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
পরে পর্যায়ক্রমে ফুলগাজী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, বিএনপি ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিকরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন সকাল সাড়ে ৮টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম। কুচকাওয়াজে ফুলগাজী থানা পুলিশের সদস্যরা, আনসার ও ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরবের ইতিহাস। এই দিনটি আমাদের শিখিয়ে দেয় দেশপ্রেম, ত্যাগ ও দায়িত্ববোধের প্রকৃত অর্থ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশ গঠনে উদ্বুদ্ধ করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান, ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঞা, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার (গোলাপ), ফুলগাজী ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বীর মুক্তিযোদ্ধাদের হুইলচেয়ার, সহ বিভিন্ন উপহার প্রদান করেন।
বিকেলে দিবসের আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করতে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন।
