ফেনীর ফুলগাজী উপজেলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি করাতকলে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন না হওয়া পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের আব্দুল হাই করাতকল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে করাতকলটির প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা সম্পন্ন না করা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা।
এ সময় পরশুরাম রেঞ্জ কর্মকর্তা আবু নাসের জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ করাতকল ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
