ফেনীর ফুলগাজী উপজেলায় ফসলি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর মৌজায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ার দায়ে মোঃ জহির আহম্মদ (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র ফসলি জমির উর্বর টপসয়েল কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল, যা স্থানীয় কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালনা করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, ফসলি জমির টপসয়েল অপসারণের ফলে জমির উৎপাদনশীলতা কমে যায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
