ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহে পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার (৬১)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা রুপসা গ্রামের মৃত গোপাল সরকারের ছেলে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তার শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরের পরিবারের বরাতে পুলিশ জানায়, নিহত বিশ্বজিৎ সরকার দীর্ঘদিন ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। হঠাৎ তিনি ভারতে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি অবৈধভাবে সীমান্তে তারকাঁটা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

এ ব্যাপারে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।