মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃক মুন্সীরহাট আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার (২৫ মে) জারি করা এক প্রজ্ঞাপনে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী, সাবেক শিক্ষক ও সমাজকর্মী মো. আবুল কালাম ভূঞা। তিনি মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী পৈথারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমানে ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি একই ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর জামমুড়া গ্রামে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১) ধারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মেহেদী হাসান এবং শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মনোনীত হয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক গভর্নিং বডি গঠন অথবা সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কমিটি গঠন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যানের আদেশক্রমে জারি হওয়া এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কলেজ পরিদর্শক।
নবনির্বাচিত সভাপতি আবুল কালাম ভূঞা বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।”
