ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফুলগাজী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম আবদুল জলিল (৪৫)। তিনি আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর আহছান উল্যাহ ভূইয়া বাড়ির মৃত সুন্দর আলীর ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে উত্তর ধর্মপুর মরহুম চারু মিয়া জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার ওপর সন্দেহজনক অবস্থায় থাকা আবদুল জলিলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরনের প্যান্টের পকেট থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
