ফুলগাজীতে ১৩ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। গতকাল সোমবার (২২ জুন) বিকেলে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম সড়কটি পরিদর্শন করেন। এ সময় তিনি ঠিকাদারকে নির্ধারিত মান ও নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, এ কাজটি জেলা থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। আমি বিষয়টি জানতে সরেজমিনে পরিদর্শনে যাই। নিয়মানুযায়ী কাজ করতে ঠিকাদারকে বলা হয়েছে, অন্যথায় লাইসেন্স বাতিল করার জন্য আমি লিখিত দেব। পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (২২ জুন) 'ফুলগাজীতে মেয়াদ পার হলেও শেষ হয়নি কাজ, ১৩ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি' শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক ফেনী। তারপর থেকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি হয়।

এ সংবাদ প্রকাশের পর ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলীসহ দায়িত্বপ্রাপ্তদের নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।