জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অব্যাহত মিডিয়া ট্রায়াল ও মিথ্যাচার যারা করছেন, তারা অচিরেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজারে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুদ্দিন মানিক বলেন, জামায়াত ক্ষমতায় আসলে নারীরা মায়ের কোলের শিশুর মতো নিরাপদে থাকবেন। যারা আজকে বিভিন্নভাবে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য নারীদেরকে কেন্দ্র করে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে এ দেশের নারীরা তার জবাব দেবে।
ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক দিনব্যাপী দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন। এ সময় উঠান বৈঠকগুলোতে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বেশ কয়েকটি উঠান বৈঠক ও মতবিনিময় সভা করা হয়। এসব অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির প্রতি গুরুত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি। শেষে ইয়াকুবপুর ইউনিয়নে গণসংযোগের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মযজ্ঞের সমাপ্তি ঘোষণা করা হয়।
